রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকা থেকে বনানী থানার একটি হত্যা মামলার প্রধান আসামি মো. আরিফ হোসেন মোল্লাকে (৩৬) গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সিটিটিসি সূত্র জানায়, শনিবার দুপুর সাড়ে ২টার দিকে সিটিটিসির রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (আরএন্ডডি) বিভাগের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কাজলা এলাকায় অভিযান চালায়। এ সময় বনানী থানার হত্যা মামলার প্রধান আসামি আরিফ হোসেনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আরিফের বিরুদ্ধে একাধিক মাদক মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


