ভিয়েতনামের স্থানীয় সময় তখন বিকেল চারটে। দীর্ঘ ১৫ ঘণ্টার আকাশপথ পাড়ি দিয়ে টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে যখন হামজা চৌধুরী হ্যানয় বিমানবন্দরে অবতরণ করলেন, তখন সেখানে অপেক্ষায় দেশের ফুটবলপ্রেমীদের প্রত্যাশার এক বিশাল ভার। আগামী ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচকে সামনে রেখে আজ বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন লেস্টার সিটির এই মিডফিল্ডার। ক্লাব ফুটবলে লেস্টারের হয়ে ব্যস্ত সূচি থাকায় গত রবিবার আসার কথা থাকলেও হামজা দলের সঙ্গে যোগ দিলেন আজ মঙ্গলবার। তবে বিমানবন্দরে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সেরে মাঠে পৌঁছাতে দেরি হওয়ায় আজ বিকেলে দলের সঙ্গে অনুশীলনে নামা হয়নি তার।
বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সেরে বের হতে প্রায় আধ ঘণ্টার বেশি সময় লাগে হামজার। সেখানে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন জাতীয় ফুটবল দলের ম্যানেজার আমের খান। দীর্ঘ ভ্রমণ ক্লান্তি থাকলেও হামজার চোখেমুখে ছিল পেশাদারিত্বের ছাপ। নিজের যাত্রা প্রসঙ্গে হামজা বলেন, ‘জার্নি ভালো ছিল। ১৫ ঘণ্টা লেগেছে, ইস্তাম্বুলে বিরতি ছিল শুধু, খুব একটা কষ্ট হয়নি।’ উল্লেখ্য, এর আগে হংকং ও ভারতের বিপক্ষে ম্যাচের সময় হামজা সকালে ঢাকা পৌঁছেই বিকেলে অনুশীলনে নেমে পড়েছিলেন। তবে আজ তিনি পৌঁছানোর আগেই দলের অনুশীলন শুরু হয়ে যাওয়ায় সরাসরি মাঠে গিয়ে সতীর্থদের সঙ্গে সাক্ষাৎ করেন।
অনুশীলন না করলেও হামজার শারীরিক অবস্থা নিয়ে কোনো দুশ্চিন্তা নেই। ইনজুরি কাটিয়ে সম্পূর্ণ ফিট হয়েই তিনি দলে ফিরেছেন। মাঠে নামার তীব্র আকাঙ্ক্ষা প্রকাশ করে হামজা বলেন, ‘ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। খুবই ভালো লাগছে, মাঠে নামার জন্য প্রস্তুত আছি। আমি খেলতে মুখিয়ে আছি।’ তার এই আত্মবিশ্বাস কোচ ও সতীর্থদের জন্য বাড়তি অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে।
ভিয়েতনামের বিপক্ষে ২৬ মার্চের গুরুত্বপূর্ণ প্রীতি ম্যাচটি খেলে পরের দিনই সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ দল। আগামী ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচ শেষে জামাল ভূঁইয়ারা যখন ঢাকায় ফিরবেন, হামজা চৌধুরী তখন সরাসরি ইংল্যান্ডের উদ্দেশ্যে সিঙ্গাপুর ত্যাগ করবেন।


