জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধ মামলায় পাঁচ বছরের কারাদণ্ড পাওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনের খালাস চেয়ে আপিল করা হয়েছে।
সোমবার আপিলের বিষয়টি জানা গেছে। গত বুধবার তার পরিবারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়েছে।
এর আগে, গত ১৭ নভেম্বর মানবতাবিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার সহযোগী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড ও সাবেক আইজিপি মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রাজসাক্ষী হয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠায় তথ্য দিয়ে আদালতকে সহযোগিতা করায় মামুনকে পাঁচ বছরের লঘুদণ্ড দেওয়া হয়।
বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ রায় ঘোষণা করেন।
ট্রাইব্যুনালের অপর দুই বিচারক ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
ওই মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল পলাতক এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুন কারাগারে রয়েছেন।


