শ্রীমঙ্গলে কারখানায় কম্প্রেসার বিস্ফোরণে নিহত ১, আহত ৩

শ্রীমঙ্গলে কারখানায় কম্প্রেসার বিস্ফোরণে নিহত ১, আহত ৩
শ্রীমঙ্গলে কারখানায় কম্প্রেসার বিস্ফোরণ। ছবি: টাইমস
Advertisement
Advertisement

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বেসরকারি শিল্প প্রতিষ্ঠানের কারখানায় কম্প্রেসার বিস্ফোরণে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিন শ্রমিক গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধ তিনজনকে দ্রুত উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

উপজেলার ভূনবীর ইউনিয়নের রাজপাড়া এলাকায় অবস্থিত রশ্মি পলি ফাইবার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানায় শনিবার রাত আনুমানিক ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের সময় কারখানায় কর্মরত শ্রমিকদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে কী কারণে বয়লার বিস্ফোরণ হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

আগুনের ঘটনায় নিহত শ্রমিকের নাম আসাদুল ইসলাম (৪৫)। তিনি গাইবান্ধা জেলার বাসিন্দা। আহত শ্রমিকরা হলেন, বগুড়া জেলার তামিম মিয়া (২৫), সিরাজগঞ্জ জেলার হাকিম মিয়া (২৭) এবং অপর একজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আরও পড়ুন

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট বিস্ফোরণের শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। এ সময় আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে লোকজন বাইরে বেরিয়ে আসে। বিস্ফোরণের খবর পেয়ে এলাকার কয়েকশ মানুষ কারখানার সামনে ভিড় করেন। তবে কাউকে কারখানার ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিনিউটি মেডিকেল অফিসার তাহমিদ হাসান বলেন,  এ ঘটনায় দগ্ধদের কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দেন। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তিনজনকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

এ ব্যাপারে কারখানা কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে যাতে কোনোরকম বিশৃঙ্খলার সৃষ্টি না হয় সেজন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad