হামে ও নিউমোনিয়ায় আক্রান্ত ছয় মাস বয়সী শিশু নূর নাহারের পাশে দাঁড়িয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘সুরভির’ সংগঠক জুবাইদা রহমান।
সংবাদমাধ্যমে শিশুটির মানবেতর অবস্থার খবর প্রকাশের পর তিনি তাৎক্ষণিকভাবে চিকিৎসা সহায়তা ও পরিবারের খোঁজখবর নেওয়ার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে পুরো পরিস্থিতি তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা বিএনপি পরিবার’কে।
এর ধারাবাহিকতায় বুধবার বিকাল সাড়ে ৫টায় রাজধানীর মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধিদল শিশু নূর নাহারের মায়ের সঙ্গে যোগাযোগ করে শিশুটির চিকিৎসার খোঁজখবর নেয়। প্রতিনিধিদলটি দ্রুত প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা নিশ্চিতের উদ্যোগ নেয় এবং শিশুটির উন্নত চিকিৎসা প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানায়। পাশাপাশি তারা অসহায় পরিবারটির পাশে থাকার আশ্বাস দেয়।
প্রতিনিধিদলে ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে সদস্য মাসুদ রানা লিটন, ড্যাব কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক এম আর হাসান, আব্দুল্লাহ আল মিসবাহ, মশিউর রহমান মহান প্রমুখ।
প্রকাশিত সংবাদ অনুযায়ী, কেরানীগঞ্জের বাসিন্দা স্বর্ণা আক্তারের ছয় মাস বয়সী কন্যাশিশু নূর নাহার হাম ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে বর্তমানে মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন। দীর্ঘদিন ধরে জ্বর, ঠাণ্ডা, কাশি ও শ্বাসকষ্টে ভুগতে থাকা শিশুটির অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী, ৬ মাস বয়সী শিশুর স্বাভাবিক ওজন যেখানে ৭ থেকে ৯ কেজি হওয়ার কথা, সেখানে নূর নাহারের ওজন নেমে এসেছে মাত্র ৩ কেজিতে। চরম আর্থিক সংকট ও পারিবারিক অসহায়ত্বের মধ্যে শিশুটির মা স্বর্ণা আক্তার একাই চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। অর্থাভাবে একাধিকবার চিকিৎসা ব্যাহত হওয়ার মতো পরিস্থিতির মুখে পড়তে হয় পরিবারটিকে। অবশেষে মানবিক উদ্যোগের অংশ হিসেবে তাদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিল জুবাইদা রহমানের নির্দেশে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা বিএনপি পরিবার’।


