মেট্রোরেলে সিনিয়র সিটিজেন ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য একক যাত্রা টিকিটে ২৫ শতাংশ বিশেষ ভাড়া ছাড় চালু করছে সরকার।
রোববার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে স্বাক্ষর করেন ডিএমটিসিএলের এমআরটি লাইন-৬ এর উপ-প্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৬৫ বছর বা তদূর্ধ্ব সিনিয়র সিটিজেনরা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদর্শনের মাধ্যমে বয়স যাচাই সাপেক্ষে এই সুবিধা পাবেন। এ ছাড়া প্রতিবন্ধী বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন ‘সুবর্ণ’ পরিচয়পত্র প্রদর্শনের মাধ্যমে একই হারে ভাড়া ছাড়ের সুবিধা ভোগ করতে পারবেন।
ডিএমটিসিএল জানায়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম সোমবার দুপুর ১২টা ৩০ মিনিটে ফার্মগেট মেট্রো স্টেশনে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।


