যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই শ্রমিক গুরুতর আহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শার্শা উপজেলার বালুন্ডা দক্ষিণপাড়ার গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তারা হলেন, শার্শা উপজেলার বালুন্ডা গ্রামের জাকির হোসেন (৬৫) এবং আব্দুল কাদের (৬০)। আহত দুজনই মাটি কাটার কাজ করছিলেন। তাদের মধ্যে জাকির হোসেনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কাচারি পুকুর পাড় এলাকায় সকালে প্রবাসী জাকিরের ভিটায় শৌচাগারের হাউজ নির্মাণের জন্য মাটি কাটছিলেন ওই দুই শ্রমিক। আনুমানিক দেড় ফুট গভীরে কোদাল দিয়ে খোঁচা দেওয়ার সময় হঠাৎ বিকট শব্দে মাটির নিচে পুঁতে রাখা একটি বোমা বিস্ফোরিত হয়। বিস্ফোরণের শব্দে গোটা এলাকা কেঁপে ওঠে এবং দুই শ্রমিক রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।
আহত আব্দুল কাদের জানান, তারা বাড়ির পাশে মাটি কাটার কাজে যান। এ সময় হঠাৎ মাটির নিচে থাকা বোমা বিস্ফোরিত হয়। বিস্ফোরণে জাকিরের শরীর ও মুখমণ্ডল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
শার্শা থানর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানিয়েছেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ধারণা করা হচ্ছে, আগে থেকেই কেউ নাশকতার উদ্দেশ্যে মাটির নিচে বোমাটি পুঁতে রেখেছিল। বিস্ফোরণের স্থান থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। সেখানে আরও বোমা পুঁতে রাখা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানায় পুলিশ।


