চট্টগ্রামের লোহাগাড়ায় মাইক্রোবাস ও একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে মো. ওবায়েদ উল্যাহ (১৬) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় তার মাসহ পরিবারের চার সদস্য আহত হয়েছেন। ওমরাহ পালন শেষে দেশে ফেরা মাকে চট্টগ্রাম বিমানবন্দরে থেকে নিয়ে গ্রামের বাড়ি ফিরছিল ওবায়েদ।
বুধবার দুপুর পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার চুনতি ইউনিয়নের খান দিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওবায়েদ উল্যাহ কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের লিঙা পাড়া গ্রামের সৌদি প্রবাসী সামছুল আলমের ছেলে। সে ঈদগড় এএমবি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
আহতরা হলেন- নিহতের মা ইয়াসমিন আক্তার (৪৩), বোন ফাহিমা আক্তার (২০), ভগ্নিপতি ইয়াছির আরাফাত (৩২) এবং চাচাতো ভাই ইয়াছিন আরাফাত (২০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজারমুখী একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীতমুখী একটি মিনি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি সড়কের পাশের বিলে পড়ে উল্টে যায়।
নিহতের মা ইয়াসমিন আক্তার জানান, প্রায় তিন মাস পর সৌদি আরব থেকে পবিত্র ওমরাহ পালন শেষে বুধবার সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সেখান থেকে পরিবারের সদস্যদের নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে লোহাগাড়ার একটি হোটেলে খাবার খেয়ে ফের যাত্রা শুরু করলে কিছুদূর এগোতেই দুর্ঘটনার কবলে পড়েন।
স্থানীয় লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ওবায়েদকে মৃত ঘোষণা করেন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় মাইক্রোবাসচালক ও কাভার্ডভ্যানচালক পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।


