হবিগঞ্জের বাহুবল উপজেলার খোজেরগাঁও গ্রামে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আব্দুল্লাহ (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার দুই ভাই আহত হয়েছেন।
নিহত আব্দুল্লাহ ওই গ্রামের মৃত লাল মিয়ার ছেলে। আহতরা হলেন তার ভাই আব্দুস সালাম (২৬) ও আব্দুল কাদির (৩০)। তাদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিহতের স্বজনদের অভিযোগ, জমিজমা নিয়ে প্রতিবেশী আব্দুল হকের সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে শনিবার বিকাল ৩টার দিকে দুই পক্ষের মধ্যে প্রথম দফায় সংঘর্ষ হয়। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাড়ির পাশের মসজিদে নামাজ শেষে বের হওয়ার সময় আব্দুল হক ও তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আব্দুল্লাহর ওপর হামলা চালায়। তাকে বাঁচাতে গিয়ে দুই ভাইও আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আব্দুল্লাহকে মৃত ঘোষণা করেন।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে জমিজমা নয়, এক নারীর সঙ্গে বাগ্বিতণ্ডাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রকৃত ঘটনা উদ্ঘাটনে তদন্ত চলছে।

