জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর কার্যক্রমে বিলম্ব, কল বারবার অন্যত্র স্থানান্তর এবং দ্রুততম সময়ে পুলিশি সহায়তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণে ব্যর্থতার অভিযোগ নিয়ে রুল জারি করেছে হাইকোর্ট।
একটি রিটের প্রাথমিক শুনানি শেষে মঙ্গলবার বিচারপতি মো. হাবিবুল গনি এবং বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের সমন্বয়ে গটিত হাইকোর্ট বেঞ্চ রুল জারি করে।
দুই সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পরিচালক/অফিসার ইনচার্জকে এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী সায়কা কবির জিতি হাইকোর্টে এ রিট করেন। রিটের পক্ষে তিনি শুনানি করেন।
তিনি জানান, রুলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর কার্যক্রমে বিলম্ব, বারবার কল অন্যত্র রিডাইরেক্ট করা, কার্যকর জিপিএস-ভিত্তিক লোকেশন ও কলার শনাক্তকরণ ব্যবস্থা বজায় রাখতে ব্যর্থতা, নিকটতম মোতায়েন করা পুলিশ ফোর্স, টহল দল বা ইউনিট দ্রুত মোতায়েনে ব্যর্থতা এবং কার্যকর ‘জিরো এফআইআর’ ব্যবস্থা প্রণয়ন, বাস্তবায়ন ও বজায় রাখতে ব্যর্থতার কারণে সময়মতো পুলিশি সুরক্ষা এবং আইনের সুরক্ষা পাওয়ার অধিকার ক্ষুণ্ন হওয়াকে কেন সংবিধানের ৩১ ও ৩২ অনুচ্ছেদের আলোকে বেআইনি ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে।


