ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের শপথ পড়াতে চিঠি পেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।
সোমবার নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ানোর বিষয়ে সংসদ সচিবালয় থেকে প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি দেওয়া হয়েছে।’
নিয়ম অনুযায়ী, সংসদ সদস্যদের শপথ পড়ান স্পিকার। কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগের পতন, সংসদ ভেঙে দেওয়ার কারণে এবার সে সুযোগ নেই।
তাই সংসদ সদস্যদের কে শপথ পড়াবেন তা নিয়ে এক ধরনের বিভ্রান্তি তৈরি হয়।
সংবিধানের ১৪৮ অনুচ্ছেদ অনুযায়ী, সাধারণ নির্বাচনের ফলাফলের সরকারি গেজেট হওয়ার পর থেকে তিন দিনের মধ্যে সংবিধান অনুযায়ী নির্দিষ্ট ব্যক্তি বা নির্ধারিত অন্য কোনো ব্যক্তি যেকোনো কারণে নির্বাচিত সদস্যদের শপথ পাঠ পড়াতে ব্যর্থ হলে প্রধান নির্বাচন কমিশনার পরবর্তী তিন দিনের মধ্যে ওই শপথ পাঠ পরিচালনা করবেন। তিনি এ দায়িত্ব এমনভাবে পালন করবেন যেন সংবিধানের অধীন তিনিই এর জন্য নির্দিষ্ট ব্যক্তি।


