রাশিয়ার রাজধানী মস্কোতে গাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনায় দেশটির সেনাবাহিনীর একজন শীর্ষ জেনারেল নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার সকালে তার ব্যবহৃত গাড়িতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
বার্তা সংস্থা এপির খবরে বলা হয়, নিহত কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল ফানিল সারভারভ (৫৬)। তিনি রুশ সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের অপারেশনাল ট্রেনিং ডিরেক্টরেটের প্রধান ছিলেন।
রাশিয়ার প্রধান অপরাধ তদন্ত সংস্থা ইনভেস্টিগেটিভ কমিটি তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, বিস্ফোরণের সময় তিনি ওই গাড়িতেই ছিলেন এবং গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
ইনভেস্টিগেটিভ কমিটির মুখপাত্র স্বেতলানা পেত্রেনকো জানান, হত্যাকাণ্ডের ঘটনায় এরইমধ্যে একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে এবং বিভিন্ন দিক থেকে তদন্ত চলছে। প্রাথমিকভাবে তদন্তকারীরা ধারণা করছেন, ইউক্রেনের গোয়েন্দা সংস্থাগুলো এই হামলার সঙ্গে জড়িত থাকতে পারে।
হামলার খবর তাৎক্ষণিকভাবে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছে ক্রেমলিন।
নিহত জেনারেল সারভারভ এর আগে চেচনিয়ায় যুদ্ধ করেছিলেন এবং সিরিয়ায় রাশিয়ার সামরিক অভিযানে অংশ নিয়েছিলেন।
চলতি বছরের এপ্রিলে মস্কোর কাছে একই ধরনের হামলায় নিহত হন লেফটেন্যান্ট জেনারেল ইয়ারোস্লাভ মোস্কালিক। তার গাড়িতে রাখা বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণে তিনি মারা যান। ওই ঘটনায় একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছিল।
বছর খানেক আগে মস্কোতে আরও এক বোমা হামলায় আরেক শীর্ষ সামরিক কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলোভ নিহত হন। তার অ্যাপার্টমেন্ট ভবনের বাইরে একটি বৈদ্যুতিক স্কুটারে রাখা বোমা বিস্ফোরণের দায় নিয়েছিল ইউক্রেনের নিরাপত্তা সংস্থা।
ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে রাশিয়ার ভেতরে একাধিক সামরিক কর্মকর্তা ও প্রভাবশালী ব্যক্তিকে লক্ষ্য করে হামলার ঘটনা ঘটেছে। রুশ কর্তৃপক্ষ এসব ঘটনার জন্য ইউক্রেন কর্তৃপক্ষকে দায়ী করে আসছে। তবে সোমবারের বিস্ফোরণের বিষয়ে ইউক্রেন এখনো কোনো মন্তব্য করেনি।


