স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে নাসিমুল গনিকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে শনিবার চুক্তিতে থাকা মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের চুক্তি বাতিল করা হয়। সেই সঙ্গে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়াকে এই পদে নতুন দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। তিনি নিজ দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত ওই দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়। সোমবার আবার নতুন করে প্রজ্ঞাপন জারি করে নাসিমুল গনিকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দেওয়া হলো।
উল্লেখ্য, প্রখ্যাত কথাসাহিত্যিক এবং সাংবাদিক ওসমান গনির ছেলে নাসিমুল গনি ১৯৮২ ব্যাচের প্রশাসন ক্যাডারের একজন সৎ, দক্ষ ও চৌকস কর্মকর্তা হিসেবে পরিচিত। তিনি মির্জাপুর ক্যাডেট কলেজে পড়াশোনা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
কর্মজীবনে নাসিমুল গনি জামালপুরের জেলা প্রশাসক এবং চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ইরাক ও জর্ডানে বিদেশি মিশনে কাজ করেন। এ ছাড়া বাংলাদেশ টেলিভিশন ও নিপোর্টের মহাপরিচালক, জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার মো. জমির উদ্দিন সরকারের একান্ত সচিব, মৎস ও পশুসম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব এবং রাষ্ট্রপতির একান্ত সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
নাসিমুল গনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন এবং শিক্ষা মন্ত্রণালয়ে দায়িত্ব পালনকালে দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার ভৌত অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
২০২৪ সালের ২২ ডিসেম্বর নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। এর আগে তিনি রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সিনিয়র সচিব ছিলেন।
প্রসঙ্গত, ২০০৯ সালে আওয়ামী লীগ সরকারের ক্ষমতায় আসার পর তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর তাকে আবার প্রশাসনে ফেরানো হয়।


