গাইবান্ধায় দুর্বৃত্তদের হামলায় এক যুবদল কর্মীর হাতের আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে গেছে। রোববার রাতে পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের জুনদহ বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
আহত ব্যক্তি বরিশাল ইউনিয়নের দুবলাগাড়ী গ্রামের মিরু মন্ডলের ছেলে কাকন (৩৫)। তিনি বরিশাল ইউনিয়ন যুবদলের কর্মী।
স্থানীয়রা জানিয়েছে, রাতে কাকন জুনদহ বাজার এলাকায় অবস্থান করছিলেন। এ সময় অপরিচিত কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তার ওপর আকস্মিক হামলা চালায়। এতে কাকনের হাতের দুটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে যায় এবং পা ভেঙে যায়।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় বিএনপি নেতা মওদুদ মিয়া বলেন, ‘হঠাৎ অপরিচিত কয়েকজন এসে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে গেছে। আমরা কিছুই বুঝে উঠতে পারিনি। এ ধরনের নৃশংস হামলার তীব্র নিন্দা জানাই।’
পলাশবাড়ী পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ বলেন, ‘আহত কাকন আমাদের উপজেলা কমিটির গুরুত্বপূর্ণ কর্মী। রাজনৈতিক কারণে প্রতিহিংসা পরায়ণ হয়ে তার ওপর এ হামলা করা হয়েছে। আমরা এই বর্বর হামলার কঠোর প্রতিবাদ জানাই।’
এ বিষয়ে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম খান সোমবার সকালে বলেন, ‘আহত ব্যক্তির পরিবার এখনো কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’


