ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে চান্দুরা এলাকায় গ্রামীণ ব্যাংকে আগুন দিয়েছে এক দল দুর্বৃত্ত। এতে ব্যাংকের আসবাবসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। তবে এ ঘটনায় ব্যাংকে থাকা টাকার ভল্টের কোনো ক্ষতি হয়নি।
উপজেলার বিজয়নগরে মঙ্গলবার দিবাগত রাতে গ্রামীণ ব্যাংকের চান্দুরা শাখায় এ আগুনের ঘটনা ঘটে।

ব্যাংকের চান্দুরা ব্রাঞ্চের ম্যানেজার মো. কলিম উদ্দিন জানান, এদিন রাত দুইটার দিকে বাইরে থেকে পেট্রোল ঢেলে ব্যাংকে আগুন লাগানো হয়। নাইটগার্ড বিষয়টি বুঝতে পেরে তাদেরকে অবহিত করেন। পরে স্থানীয়দের সঙ্গে নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়।
এ বিষয়ে থানায় লিখিতভাবে অভিযোগ করা হবে বলেও উল্লেখ করেন ওই কর্মকর্তা।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে কে বা কারা আগুন লাগিয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।


