রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে সোমবার এই গুরুত্বপূর্ণ বৈঠক হতে যাচ্ছে।
রাশিয়ায় ইরানি রাষ্ট্রদূতের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা। বৈঠকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভও অংশ নেবেন বলে জানা গেছে।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান উত্তেজনা এবং তা নিরসনে কার্যকরী পদক্ষেপ নিয়ে আলোচনা করাই এই বৈঠকের মূল উদ্দেশ্য।
এ ছাড়া হরমুজ প্রণালিতে অচলাবস্থা, ইরানের বন্দরে অবরোধ এবং জ্বালানি তেলের ওপর নিষেধাজ্ঞার বিষয়েও দ্বিপাক্ষিক বৈঠকে আলোচনা হবে।
রুশ প্রেসিডেন্টের সঙ্গে বিস্তারিত আলোচনায় কূটনৈতিক অগ্রগতি, সম্ভাব্য সমাধান ও পরবর্তী করণীয় নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে একই প্রেক্ষাপটে ইরান ও রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র চীনকে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এক সাক্ষাৎকারে তিনি বলেন, চীন চাইলে পরিস্থিতি সমাধানে আরও বড় ভূমিকা রাখতে পারে। তবে বেইজিংয়ের বর্তমান অবস্থান নিয়ে তিনি পুরোপুরি হতাশ নন বলেও উল্লেখ করেন।
সূত্র: আল জাজিরা


