দেশে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, সরকার সতর্ক থাকলে দুর্যোগ ব্যবস্থাপনার উন্নতিসহ মানুষকে সুরক্ষিত রাখা ও ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হতো।
ফেসবুকে দেওয়া এক শোক বার্তায় তিনি একথা বলেন।
তারেক রহমান লিখেছেন, ‘বাংলাদেশে প্রবল ভূমিকম্পে মানুষের প্রাণহানি এবং ক্ষয়ক্ষতিতে আমি গভীরভাবে শোকাভিভূত। এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে আমি ক্ষতিগ্রস্ত মানুষদের প্রতি সংহতি ও সহানুভুতি প্রকাশ করছি।’
তিনি আরও লিখেছেন, ‘সরকার আগে থেকে সতর্ক থাকলে দুর্যোগ ব্যবস্থাপনার উন্নতি ঘটানোসহ মানুষকে সুরক্ষিত রাখা ও ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হতো। বাংলাদেশের মানুষ নানা প্রাকৃতিক বিপদসঙ্কুল দুর্যোগ মোকাবিলা করে সবসময় সামনের দিকে এগিয়ে গেছে।’
তার বিশ্বাস, ‘আজকের ভূমিকম্পেও বাংলাদেশের মানুষ ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে রয়েছে।’
ভূমিকম্পে নিহতদের আত্মার শান্তি কামনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শুক্রবার বেলা ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্পে কেঁপে ওঠে বাংলাদেশ ও ভারতের কিছু অংশ। এতে সারা দেশে ১০ জনের মৃত্যু হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭।
ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশাল থেকে সাত কিলোমিটার দূরে এবং ভূমিপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।


