ঝিনাইদহের কালীগঞ্জে প্রসূতি মৃত্যুর ঘটনায় ভুল চিকিৎসা ও অবহেলার অভিযোগে নিউ গরীবশাহ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ক্লিনিক মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার বারবাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ এই অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, রোববার সকালে সাতগাছিয়া গ্রামের ইয়ার আলীর স্ত্রী শিল্পী বেগমকে সিজারিয়ান অপারেশনের জন্য ওই ক্লিনিকে ভর্তি করা হয়। অপারেশন থিয়েটারে প্রসূতি শিল্পী মারা যান। তবে অপারেশনের মাধ্যমে চিকিৎসকেরা জীবিত নবজাতককে বের করেন।
ঘটনার পর নিহতের স্বজনেরা ক্লিনিক কর্তৃপক্ষ ও চিকিৎসকদের বিরুদ্ধে অবহেলা ও ভুল চিকিৎসার অভিযোগ তোলেন।
সোমবার দুপুরে ওই নবজাতককে দেখতে তার নানা বাড়িতে যান ইউএনও রেজওয়ানা। পরে তিনি সংশ্লিষ্ট ক্লিনিকে অভিযান চালান।
ইউএনও জানান, দুপুরে ক্লিনিকটিতে অভিযান চালিয়ে সেটি সিলগালা করা হয় এবং এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এ ছাড়া, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নবজাতকের জন্য নগদ ১০ হাজার টাকা, দুধ ও বিভিন্ন সামগ্রী দেওয়া হয়েছে।


