২০২১ সালের পর আবারও জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ। এক টেস্টের সাথে খেলবে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ। রোববার সফরের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে একমাত্র টেস্ট দিয়ে। এই ম্যাচ দিয়ে অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতি সারতে চায় বাংলাদেশ। একইসাথে হারারে টেস্ট জিততে চাওয়ার বার্তাও দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
শনিবার হারারে থেকে বিসিবির পাঠানো এক ভিডিও বার্তাতে শান্ত বলেন, ‘ম্যাচটা জিততে চাই এবং ভালো ক্রিকেট খেলতে চাই। কারণ এই সিরিজের পরে আমাদের বেশ কিছু অ্যাওয়ে সিরিজ আছে। এই সিরিজটাতে আমরা কত ভালো ক্রিকেট খেলতে পারছি এটা ইম্পর্ট্যান্ট। ব্যাটসম্যান এবং বোলাররা এখানে যদি ভালো করতে পারে এটা আমাদের সামনের সিরিজগুলোর জন্যও কাজে আসবে। লক্ষ্য থাকবে যে কত ভালো ক্রিকেট আমরা খেলতে পারি।’
একমাত্র টেস্টের এই স্কোয়াডে নেই নিয়মিত কিছু মুখ। তিন পেসার তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও নাহিদ রানার সাথে বিশ্রাম দেয়া হয়েছে মেহেদী হাসান মিরাজকে। দলে ঢুকেছেন এবাদত হোসেন, খালেদ আহমেদ ও হাসান মাহমুদ। প্রথমবার টেস্ট দলে ডাক পেয়েছেন বোলিং অলরাউন্ডার রবিউল হক, আছেন দুই অনভিষিক্ত ব্যাটার অমিত হাসান ও তাওহিদ হৃদয়। দুই ধাপে জিম্বাবুয়েতে পৌছেছেন টেস্ট দলের ক্রিকেটাররা।
সেই হিসেবে হারারের ঠান্ডা আবহাওয়ার সাথে মানিয়ে নেয়ার চ্যালেঞ্জও নিতে হয়েছে বাংলাদেশি ক্রিকেটারদের। শান্ত বলেন, ‘আমরা বেশ কিছু প্লেয়ার কয়েকদিন আগে আসছি। ওই এডজাস্টমেন্টটা আমাদের মাশাল্লাহ ভালোভাবেই হয়েছে। আমি আশা করছি যে ম্যাচের জন্য আমরা এখন পুরোপুরিভাবে প্রস্তুত। কিছু প্লেয়ার পরে আসছে কিন্তু ওরাও গত কয়েকদিনের প্র্যাকটিসে অনেকটাই এডজাস্ট করে ফেলেছে। আশা করছি যে ম্যাচে খুব বেশি একটা এডজাস্টমেন্টে প্রবলেম হবে না।’


