ময়মনসিংহের ভালুকায় হাইওয়ে পরিবহনের একটি মিনিবাস উল্টে চালকের সহকারিসহ দুইজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেহরাবাড়ি সুলতানা সুয়েটার কোম্পানির সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার জগন্নাথদিয়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে মিনিবাসের হেল্পার মোহাম্মদ অনিক মিয়া (২৭) ও ভালুকা উপজেলার বিরুনীয়া গ্রামের নুর ইসলামের ছেলে বাস যাত্রী শাহজাহান সিরাজ (৪০)।
ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএম মেহেদী হাসান জানান, শ্রীপুরের জৈনাবাজার থেকে ভালুকাগামী একটি মিনিবাস মেহেরাবাড়ী এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মিনিবাসটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ডিভাইডারের উপর উঠে উল্টে যায়। এতে মিনিবাসের ভেতর আটকা পড়লে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
দুর্ঘটনায় বাসযাত্রী শাহজাহান সিরাজ ঘটনাস্থলে এবং হাসপাতালে নেওয়ার পর বাসের হেল্পার মোহাম্মদ অনিক মিয়া মারা যান। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এছাড়াও চারজনকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে এবং বাসটি আটক করা হয়েছে বলেও জানান ওসি।


