ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করার পর রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ থামানোর বিষয়ে রাশিয়ার সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে ট্রাম্প প্রশাসনের।
বৃহস্পতিবার তেমনটাই ইঙ্গিত দিয়ে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন। সেখানে তিনি জানান, ভারতের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করার পর, রাশিয়ার সঙ্গে আলোচনা খুবই ফলপ্রসূ হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসার ইঙ্গিতও দিয়েছেন তিনি।
যদিও মস্কোর তেল থেকে আদায় করা রাজস্বের ওপর আরও নিষেধাজ্ঞার পথ খোলা রেখেছেন তিনি।
এর আগে ভারতের ওপর ২৫ শতাংশ শুল্কের কথা ঘোষণা দেওয়ার সময়েই রাশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্য নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন তিনি। ভারত রাশিয়া থেকে খনিজ তেল এবং অস্ত্র কিনলে দেশটিকে ‘জরিমানা’ দিতে হবে বলেও জানিয়েছিলেন সে সময়। সেই ধারাবাহিকতায় ৫০ শতাংশ শুল্কের নির্বাহী আদেশে বুধবার সই করেছেন ট্রাম্প। এ সিদ্ধান্ত ২১ দিন পর কার্যকর হবে।
আমেরিকার সংবাদমাধ্যমের সূত্র অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গে রাশিয়া-ইউক্রেনের পরিস্থিতি নিয়ে সম্প্রতি আলোচনা করেছেন ট্রাম্প। পুতিন এবং জ়েলেনস্কির সঙ্গে মুখোমুখি বসে কথা বলার ইচ্ছাও দেখিয়েছেন তিনি।
এ ছাড়া, মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকফের সঙ্গে বুধবারই পুতিনের বৈঠক হয়েছে। ভারতের পণ্যের ওপর শুল্ক আরোপের পর সেই বৈঠকে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে ইতিবাচক কথা হয়েছে বলে মনে করা হচ্ছে।


