চাঁদপুরের মতলব দক্ষিণে ভাগ্নিকে মোটরসাইকেল চালানো শেখাতে গিয়ে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মামা নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় ভাগ্নিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার বিকালে মতলব ব্রিজের দক্ষিণ অংশের সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ফজলে রাব্বি (২৩) মতলব সরকারি ডিগ্রি কলেজের স্নাতক শ্রেণির শিক্ষার্থী। তিনি মতলব দক্ষিণ পৌর এলাকার বাইশপুর বেপারী বাড়ির মিজানুর রহমানের ছেলে।
নিহত রাব্বির চাচি মরিয়ম বেগম জানান, রাব্বির ভাগ্নি ইশাত (১৫) দশম শ্রেণির শিক্ষার্থী। ইশাতের বাবা জুয়েল সচিবালয়ের গাড়িচালক, তারা ঢাকার যাত্রাবাড়ীতে থাকেন। ঈদ উপলক্ষে মায়ের সঙ্গে মতলবে নানা বাড়িতে বেড়াতে এসেছিল ইশাত।
স্থানীয় অ্যাম্বুলেন্স চালক জসিম জানান, তিনি দুর্ঘটনার সময় ওই সড়ক দিয়েই যাচ্ছিলেন। মোটরসাইকেলের গতি নিয়ন্ত্রণ করতে না পেরে ব্রিজের দক্ষিণ অংশে সড়ক বিভাগের মেরামত কাজে ব্যবহৃত একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে মামা-ভাগ্নি দুজনই গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে যান।
এ সময় ট্রাকের চালক খালি অ্যাম্বুলেন্স দেখতে পেয়ে তা থামিয়ে দুজনকে হাসপাতালে নেওয়ার অনুরোধ জানালে জসিম তাদের চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক রাব্বিকে মৃত ঘোষণা করেন।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এনামুল হক জানান, রাব্বিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। আহত ইশাতকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


