ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুর্বৃত্তদের হামলায় গুলিবিদ্ধ হয়েছেন বিএনপি নেতা মফিজুল রহমান মুকুল।
শুক্রবার রাতে দলীয় কার্যালয় থেকে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হন মুকুল। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকায় পাঠান চিকিৎসকরা।
উপজেলা বিএনপির সদস্য মুকুল উপজেলা যুবদলের সাবেক সভাপতি। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৮টার দিকে মফিজুল রহমান মুকুল দলীয় কার্যালয় থেকে পশ্চিম পাড়ার বাড়ি ফেরার পথে হামলার শিকার হন। আগে থেকেই তিন যুবক মোটরসাইকেল নিয়ে সেখানে অবস্থান করছিল। মুকুলকে দেখেই উপর্যুপরি গুলি করে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত চলছে। অপরাধী যেই হোক তাকে খুঁজে বের করা হবে।’
এদিকে মকুলের ওপর গুলির খবরে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দায়ীদের শাস্তির দাবিতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছেন। পৌর শহরের সমবায় মার্কেট থেকে প্রতিবাদ মিছিলটি শুরু হয়ে আবার থানার গেইটে এসে শেষ হয়। বিএনপির নেতাকর্মীরা হামলাকারীদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টা সময় বেধে দিয়েছেন। তা না হলে কঠোর আন্দোলনের হুমকিও দিয়েছেন তারা।


