কক্সবাজারের টেকনাফে মানবপাচারবিরোধী আলাদা আলাদা অভিযানে নারী, পুরুষ ও শিশুসহ ৫০ রোহিঙ্গাকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও বাংলাদেশ কোস্ট গার্ড।
র্যাব-১৫ এর অভিযানটি পরিচালিত হয় মঙ্গলবার রাতে বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী এলাকার দুর্গম পাহাড়ে। আর কোস্ট গার্ড অভিযান চালায় একই ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার আব্দুল আলীর ঘাট সংলগ্ন সমুদ্র উপকূলে।
র্যাব জানায়, সম্প্রতি উপকূলীয় এলাকায় মানবপাচারকারী সক্রিয় ওঠার খবরে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। এরই ধারাবাহিকতায় র্যাব-১৫ এর সিপিসি-২ ও হোয়াইক্যং সিপিসি-১ এর সদস্যরা যৌথভাবে বাহারছড়ার উত্তর শীলখালী এলাকার পাহাড়ে অভিযান পরিচালনা করেন।
দীর্ঘ সময় চিরুনি তল্লাশির পর পাহাড় থেকে ২৪ জনকে জীবিত উদ্ধার করা হয়। ১০ জন নারী ও ১০ জন শিশুসহ উদ্ধার হওয়া সবাই রোহিঙ্গা নাগরিক।
উদ্ধারকৃতদের বক্তব্যের ভিত্তিতে র্যাব জানায়, উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে প্রলোভন দেখিয়ে তাদের ওই পাহাড়ে এনে আটকে রাখা হয়েছিল। সেখানে ভয়ভীতি দেখিয়ে সাগরপথে তাদের মালয়েশিয়া পাঠানোর প্রস্তুতি নিচ্ছিল পাচারকারীরা।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক বলেন, ‘সম্প্রতি মানবপাচারকারীরা নতুন কৌশলে রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুদের প্রলোভন দেখিয়ে সাগরপথে মালয়েশিয়া পাঠানোর ফাঁদে ফেলছে। গোপন তথ্যের ভিত্তিতে আমরা চক্রটির কার্যক্রমের ওপর নজরদারি রাখছিলাম। অভিযানে ২৪ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। চক্রের মূলহোতাদের শনাক্ত করা হয়েছে, তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।’
মানবপাচারসহ সংঘবদ্ধ অপরাধ দমনে র্যাব সর্বদা সচেষ্ট উল্লেখ করে তিনি জানান, কক্সবাজার উপকূলে মানবপাচার বন্ধে অভিযান ও গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হবে।
অন্যদিকে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একইদিন সন্ধ্যায় বাহারছড়া আউটপোস্টের সদস্যরা জুম্মাপাড়া এলাকার আব্দুল আলীর ঘাট সংলগ্ন সমুদ্র উপকূলে অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড।
এ অভিযানে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে নৌকায় তোলা নারী ও শিশুসহ ২৬ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়।
বুধবার বিকালে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে, শনিবার টেকনাফে এক বাংলাদেশি নাগরিকসহ ২২ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছিল র্যাব।
গত এক মাসে র্যাব, পুলিশ, কোস্ট গার্ড, নৌবাহিনী ও বিজিবির যৌথ অভিযানে টেকনাফ সীমান্তের বিভিন্ন পাহাড় ও উপকূলীয় এলাকা থেকে নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ৪৫৩ জনকে পাচারকারীদের হাত থেকে উদ্ধার করা হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে মানবপাচারকারী চক্রের ৫১ সদস্যকে।


