অযৌক্তিক ফি কমানোর দাবিতে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাধারণ শিক্ষার্থীরা।
মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ঘটনাস্থলে উপস্থিত টাইমস অব বাংলাদেশের ফটোসাংবাদিক শামীম উস সালেহীন। তার তোলা ছবিতে উঠে এসেছে, উপাচার্য অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামানের কার্যালয়ে কার্যালয়ে তালা দেওয়া ও বিক্ষোভের দৃশ্য।

শিক্ষার্থীদের দাবি, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের তুলনায় (শেকৃবি) বুয়েটে বার্ষিক হল ফি কয়েকগুণ বেশি নেওয়া হচ্ছে।
তারা জানান, চুয়েটে সর্বোচ্চ সাড়ে সাত হাজার টাকা নেওয়া হলেও বুয়েটে নিচ্ছে ২০ হাজার টাকা। অন্যদিকে, বার্ষিক অনাবাসিক হল ফি নেওয়া হচ্ছে সাড়ে আট হাজার টাকা। শুধু তাই নয় মাসিক ডাইনিং ফি ও বার্ষিক এটাচড হল ফিও নেওয়া হয়। এমনকি বাধ্যতামূলক করা হয়েছে মাসিক ডাইনিং জরিমানার টাকা। যেখানে বাকি বিশ্ববিদ্যালয়ে এই জরিমানার কোনো সিস্টেমই নেই বলেও জানান তারা।



