জিও হলেই প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেডে বেতন শুরু 

জিও হলেই প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেডে বেতন শুরু 
Advertisement
Advertisement

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা দশম গ্রেডে বেতন-ভাতা পাবেন। তবে কোন মাস থেকে শিক্ষকদের এই সুবিধা দেওয়া হবে তা নির্ধারণ করবে মন্ত্রণালয়। খুব শিগগিরই এই বিষয়ে সরকারি আদেশ জারি (জিও) করা হবে।

মঙ্গলবার অর্থ মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আলাদা সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

বর্তমানে প্রধান শিক্ষকরা ১১তম গ্রেডে বেতন পান। সে অনুযায়ী তারা সাড়ে ১২ হাজার টাকা থেকে ৩০ হাজার ২৩০ টাকা পর্যন্ত বেতন পেয়ে থাকেন। দশম গ্রেডে উন্নীত হলে তারা বেতন পাবেন ১৬ হাজার টাকা থেকে ৩৮ হাজার ৬৪০ টাকার মধ্যে।

প্রধান শিক্ষকদের দশম গ্রেডে বেতন দেওয়ার বিষয়ে অর্থ বিভাগ সম্মতি দিয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট এক কর্মকর্তা। তবে কোন মাস থেকে নতুন গ্রেডে প্রধান শিক্ষকদের বেতন-ভাতা চালু হবে তা এখনো ঠিক হয়নি। শিগগিরই বিষয়টি জানিয়ে সরকারি আদেশ জারি করবে মন্ত্রণালয়।

অর্থ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. মাহবুবুল আলম টাইমস অব বাংলাদেশকে বলেন, ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের চাকরি ১১তম গ্রেড থেকে দশম গ্রেডে উন্নীত করার বিষয়ে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়।’

আরও পড়ুন

এ বিষয়ে অর্থ বিভাগ থেকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। মন্ত্রণালয় সরকারি আদেশ জারি করলেই প্রধান শিক্ষকরা দশম গ্রেডে বেতন-ভাতা পেতে শুরু করবেন বলেও জানান তিনি।

এর আগে, সোমবার এ বিষয়ে চিঠি ইস্যু করে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। চিঠিতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয় ৬৫ হাজার ৫০২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের চাকরির গ্রেড বৃদ্ধির ব্যাপারে সম্মতি দিয়েছে।

এর পরিপ্রেক্ষিতে অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা বিভাগ বিষয়টি পর্যালোচনা করে। এরপরই প্রধান শিক্ষকদের চাকরি ১১তম গ্রেড থেকে দশম গ্রেডে উন্নীত করার প্রস্তাবে অর্থ বিভাগ সম্মতি দেয়।

চিঠিতে জানানো হয়, প্রধান শিক্ষকদের নতুন বেতন গ্রেড কার্যকর করতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ৭ অক্টোবরের স্মারক এবং ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগের ২৮ জুলাইয়ের শর্তাবলী প্রতিপালন করতে হবে। সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা ২০২৫ অনুসারে পদগুলো পূরণযোগ্য থাকবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad