ভারতের টানা দ্বিতীয় শিরোপা জয় দিয়ে শেষ হলো এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। রোববার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে হারিয়ে ভারত জিতল নিজেদের তৃতীয় শিরোপা। এদিকে এবারের বিশ্বকাপে নিরাপত্তা শঙ্কায় সরকারি নির্দেশনায় ভারতে খেলতে যায়নি বাংলাদেশ। হৃদয় ভেঙেছে ক্রিকেটারদেরও। তবে সোমবার বাংলাদেশের হেড কোচ ফিল সিমন্স বলেছেন, বিশ্বকাপে খেলতে না পারার সেই কষ্ট, যন্ত্রণা তারা পেছনে ফেলে এসেছেন।
আগামী ১১, ১৩ ও ১৫ মার্চ পাকিস্তানের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ। এর আগে সোমবার সংবাদ সম্মেলনে এসেছিলেন সিমন্স। সেখানেই জানালেন, পুরনো ব্যথা ভুলে সামনে তাকাচ্ছেন তারা।
সিমন্স বলেন, ‘আমরা সবকিছু পেছনে ফেলে নতুন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি। হ্যাঁ, বিশ্বকাপে খেলতে না পারা আমাদের জন্য কষ্টের ছিল। আমি সবার সাথেই কথা বলেছি, সবারই একই অবস্থা ছিল। তবে সেসব আমরা পেছনে ফেলে এসেছি।’
চার মাসেরও বেশি সময় পর ওয়ানডে ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। এর আগে জাতীয় দলের ক্রিকেটাররা খেলেছেন বিসিএল ওয়ানডে ফরম্যাটে। ছন্দে ফিরতে এই টুর্নামেন্ট ক্রিকেটারদের বেশ সাহায্য করেছে বলে মনে করেন সিমন্স। এই ক্যারিবিয়ান কোচ বলেন, ‘বিসিএল টুর্নামেন্টটা বেশ সাহায্য করেছে। এখন ৫০ ওভারের ক্রিকেটেই আমাদের সব মনোযোগ। এই তিনটা ম্যাচ নিয়েই ভাবছি।’


