জাতিসংঘের অধীনে শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত ও জড়িতদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা করতে গিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের রাবার বুলেটে আহত হয়েছেন।
এ ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) আম্মারসহ অন্তত ২০ থেকে ২২ জন আন্দোলনকারী আহত হয়েছেন বলে জানা গেছে।
শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে বলে ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়। সেখানে দাবি করা হয়, জাবের গুলিবিদ্ধ হয়েছেন এবং কয়েকজনকে বুট দিয়ে পেটানো হয়েছে। আপাতত জমায়েত না করার আহ্বান জানিয়ে আহতদের চিকিৎসা দিয়ে পুনরায় রাজপথে নামার ঘোষণা দেওয়া হয়।
জানা গেছে, এদিন জুমার নামাজের পর শাহবাগে সমবেত হয়ে আন্দোলনকারীরা যমুনার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করেন। পথে পুলিশের ব্যারিকেড অতিক্রমের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ, রাবার বুলেট, টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিক্ষোভকারীদের একটি দল হোটেল ইন্টারকন্টিনেন্টাল ও বাংলামোটর সড়কে এবং আরেকটি দল ইন্টারকন্টিনেন্টাল-শাহবাগ সড়কে অবস্থান নেয়। পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি সংঘর্ষ হয়। আন্দোলনকারীরাও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন। পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ এখনো চলমান।
এদিকে, আব্দুল্লাহ আল জাবেরের ওপর রাবার বুলেট নিক্ষেপের প্রতিবাদে জামায়াত জোটের প্রার্থী নাসিরুদ্দীন পাটোয়ারী মিছিল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। ‘জাবেরের ওপর হামলা কেন, প্রশাসন বিচার চাই’সহ বিভিন্ন স্লোগান দেন তারা।
অন্যদিকে, জুলাই ঐক্যের পক্ষ থেকে দাবি করা হয়েছে, হাদির বিচারের দাবিতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশ হামলা চালিয়েছে। এতে জাবের ছাড়াও ডাকসুর মুক্তিযোদ্ধা বষয়ক সম্পাদক ফাতেমা তাসনিম জুমাসহ আরও কয়েকজন আহত হয়েছেন এবং কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রমনা বিভাগের ডিসি মাসুদ আলম ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক জানান, হোটেল ইন্টারকন্টিনেন্টাল সামনে থেকে ইনকিলাব মঞ্চের প্রায় ২০ থেকে ২২ জন নেতাকর্মী আহত হয়ে হাসপাতালে এসেছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।


