দ্বিতীয় দল হিসেবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে ভারত। শনিবার ঘোষিত ১৫ সদস্যের এই দল স্কোয়াডে জায়গা হয়নি সহ-অধিনায়ক শুবমান গিলের। টি-টোয়েন্টিতে সাম্প্রতিক ফর্ম খারাপ যাওয়াতে তাকে শেষ পর্যন্ত বিবেচনা করেনি বিসিসিআইয়ের নির্বাচক প্যানেল। তবে চমক হিসেবে দুই বছর পর দলে ফিরেছেন ইশান কিষান।
শুবমানের সাম্প্রতিক টি-টোয়েন্টি ফর্ম পড়তির দিকে। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের সিরিজে করেছেন ০, ৪ ও ২৮। এই ফরম্যাটে তার সর্বশেষ ফিফটি এসেছে ২০২৪ সালের জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে। শুবমান বাদ পড়লেও গত এশিয়া কাপের ফাইনালে সর্বশেষ ম্যাচ খেলা রিংকু সিংকে রাখা হয়েছে বিশ্বকাপ স্কোয়াডে।
সর্বশেষ ২০২৩ সালের অক্টোবরে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা ইশান স্কোয়াডে জায়গা পেয়েছেন মুশতাক আলী ট্রফিতে তার পারফরম্যান্স দিয়ে। ঝাড়খন্ডের হয়ে ১০ ইনিংসে দুই ফিফটি আর দুই সেঞ্চুরিতে করেছেন ৫১৭ রান। ১৯৭.৩২ স্ট্রাইকরেটে ব্যাট করে হয়েছেন টুর্নামেন্টের সর্বোচ্চ রান স্কোরার।
ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড:
সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিভাম দুবে, অক্ষর প্যাটেল (সহ-অধিনায়ক), রিংকু সিং, জাসপ্রিত বুমরাহ, হার্শিত রানা, আর্শদীপ সিং, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, ওয়াশিংটন সুন্দর ও ইশান কিষাণ (উইকেটরক্ষক)


