হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ সম্মেলন কক্ষে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম সাংবাদিকদের জানান, বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, প্রধানমন্ত্রী চেষ্টা করছেন যাতে সামনে থার্ড টার্মিনাল চালু করা যায়। সে ব্যাপারে তিনি নির্দেশনা দিয়েছেন। তবে কবে চালু হবে, তা এখনই বলা যাচ্ছে না। কীভাবে দ্রুত টার্মিনালটি চালু করা যাবে, সে ব্যাপারে আলাপ-আলোচনা চলছে। কীভাবে কাজ শুরু করা যায় তা নিয়ে আলোচনা হচ্ছে। তবে নির্দিষ্ট কোনো সময় দেওয়া যাবে না। আগে বিষয়টি নিয়ে তদন্ত হবে। এরপরই কাজ শুরু হবে।
বিগত সরকার ৯৯ শতাংশের বেশি কাজ সম্পন্ন হয়েছে, তারপরও চালু করা কেন সম্ভব হলো না-এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘কেন চালু হচ্ছে না, সেটা অন্তর্বর্তী সরকারের সময় ছিল, প্রশ্নটা তাদের করতে পারতেন। এখন বর্তমান প্রধানমন্ত্রী চেষ্টা করছেন যাতে সামনে টার্মিনাল চালু করা যায়। সে ব্যাপারে তিনি নির্দেশনা দিয়েছেন।’
সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে অন্যদের মধ্যে ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এদিকে, রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন সৌদি আরবের রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহ। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় রাষ্ট্রদূত তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা হয়েছে।
প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেছেন, বাংলাদেশ-সৌদি আরবের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে নতুন উচ্চতায় উন্নীত হবে। সাক্ষাতের সময়ে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
অন্যদিকে, রোববার অফিসসূচির শুরু থেকেই সচিবালয়ে অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ৯টা ৫ মিনিটে অফিসে আসেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
তিনি বলেন, গুলশানের বাসা থেকে প্রধানমন্ত্রী রওনা হয়ে সকাল ৯টা ৫ মিনিটে সচিবালয়ে পৌঁছান। অফিসে এত সকালে প্রধানমন্ত্রীকে দেখে অনেকে অভিভূত হয়েছেন। একজন সাংবাদিক সকাল ৯টা ২০ মিনিটে তার ফেসবুকে স্ট্যাটাস দেন, ‘প্রধানমন্ত্রীর অফিসে আসার ছবি তোলার জন্য অপেক্ষা করছি।’ কিন্তু প্রধানমন্ত্রী যে ১৫ মিনিট আগেই সচিবালয়ে প্রবেশ করেছেন, সেটা তিনি (ওই সাংবাদিক) জানতেন না।
অতিরিক্ত প্রেস সচিব জানান, সচিবালয়ে এসে প্রধানমন্ত্রী মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টারা কারা কারা অফিসে এসেছেন তার খোঁজখবর নেন। প্রধানমন্ত্রী মৌখিক নির্দেশনা দিয়েছেন, নির্দিষ্ট সময়ে সবাইকে অফিসে উপস্থিত থাকতে হবে।
গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। পরদিন প্রধানমন্ত্রী সচিবালয়ে তাঁর দপ্তরে দুই দিন অফিস করেন। শনিবার ছুটির দিনেও প্রধানমন্ত্রী তেজগাঁও কার্যালয়ে অফিস করেন।


