জুলাই সনদ বাস্তবায়নের মূল দায়িত্ব দেশের রাজনৈতিক নেতাদের ওপর বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। তার মতে, কমিশন এ প্রক্রিয়ায় সহায়ক ভূমিকা পালন করবে, তবে কার্যকর নেতৃত্ব দিতে হবে রাজনৈতিক দলগুলোকেই।
বৃহস্পতিবার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় পর্যায়ের রাজনৈতিক সংলাপের আজকের দিনের উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আলী রীয়াজ বলেন, ‘কমিশনের কাছে এরই মধ্যে সংশ্লিষ্ট পক্ষগুলোর কাছ থেকে বেশ কিছু পরামর্শ ও সংশোধনী এসেছে। সেগুলোর ভিত্তিতেই চূড়ান্ত খসড়া তৈরি করা হচ্ছে।’
তিনি জানান, ইতিমধ্যে জুলাই সনদ নিয়ে অন্তত ১৩টি বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রাথমিক ঐকমত্য হয়েছে। কোনো কোনো প্রস্তাবে ভিন্নমত সংযুক্ত করার সুযোগ রাখা হয়েছে, যা আলোচনার ভিত্তিতে চূড়ান্ত তালিকায় যুক্ত হবে।
আলী রীয়াজ বলেন, ‘আমরা ছয়টি মূল সুপারিশ ও প্রাথমিক ঐকমত্যের বিষয়গুলো একটি তালিকায় সংকলন করে সংশ্লিষ্ট দলগুলোর কাছে পাঠিয়েছি। আলোচনা শেষ করে আজই প্রক্রিয়ার একটি পরিসমাপ্তি টানার চেষ্টা করছি।’
সব দলের সঙ্গে সমন্বয় করে চূড়ান্ত ঐকমত্য ও ভিন্নমতের বিষয়গুলো পৃথকভাবে তালিকাভুক্ত করা হবে এবং পরে সেই দলিলে সব দলের প্রতিনিধি স্বাক্ষর করবেন বলে জানান তিনি।
বৃহস্পতিবারের আলোচনায় বিএনপি ও জামায়াতসহ আমন্ত্রিত ২৮টি রাজনৈতিক দল এবং দুটি রাজনৈতিক জোট অংশ নেয়। আলোচনায় আরও উপস্থিত ছিলেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান, এমদাদুল হক ও আয়ুব মিয়া।


