চট্টগ্রামে আগুনে সব হারানো বীর মুক্তিযোদ্ধার পাশে জেলা প্রশাসন

চট্টগ্রামে আগুনে সব হারানো বীর মুক্তিযোদ্ধার পাশে জেলা প্রশাসন
চট্টগ্রামে আগুনে সব হারানো বীর মুক্তিযোদ্ধার পাশে জেলা প্রশাসন। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার দক্ষিণ বরুমছড়ায় ৭৬ বছর বয়সী বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সেনাসদস্য মোহাম্মদ ইউনুচের ঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব পুড়ে যাওয়ার পর দ্রুত সহযোগিতা নিয়ে এগিয়ে এসেছে জেলা প্রশাসন। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২০ নভেম্বরের ওই অগ্নিকাণ্ডে মুক্তিযোদ্ধার ছয় কক্ষের টিনশেড বাড়ি, রান্নাঘর, একটি মোটরসাইকেল ও সমস্ত আসবাবপত্র পুড়ে যায়। মুহূর্তেই নিঃস্ব হয়ে পড়েন তিনি ও তার ১১ সদস্যের পরিবার। দীর্ঘদিন ব্রেন স্ট্রোকের কারণে প্যারালাইজড স্ত্রী এবং নিজেও বার্ধক্যজনিত রোগে ভুগতে থাকা এই বীর মুক্তিযোদ্ধার সামনে নেমে আসে চরম দুর্দশা।

ঘটনার খবর পেয়ে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া সঙ্গে সঙ্গে বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসারকে ঘটনাস্থল পরিদর্শন ও দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা নিতে নির্দেশ দেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুক্তিযোদ্ধার বাড়িতে গিয়ে তার পরিবারের খোঁজখবর নেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ বান্ডিল টিন, নগদ ২০ হাজার টাকা, ২৫ কেজি চাল ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী তুলে দেন।

পরে মুক্তিযোদ্ধার ছেলে রাকিবকে ঘর নির্মাণের জন্য আরও প্রায় ৭৫ হাজার টাকা অনুদান দেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম। একই সঙ্গে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউএনওকে পরিবারটির নিয়মিত খোঁজ নেওয়া এবং প্রয়োজনে তাৎক্ষণিক সহায়তা নিশ্চিত করতে নির্দেশ দেন।

চেক হাতে পেয়ে রাকিব বলেন, ‘আজকেই আবেদন করেছিলাম এবং ৭৫ হাজার টাকা দিয়েছেন ডিসি। আল্লাহ উনাকে আরও উন্নতি দান করুন।’

বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুচ বলেন, ‘ডিসি আমার বিপদের সময়ে যে সহযোগিতা করেছেন, সারাজীবন মনে রাখব।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর