রাজধানীর পুরান ঢাকার তাঁতীবাজার মোড়ে পিকআপ ভ্যানের ধাক্কায় অটোরিকশার যাত্রী মুসলিম মিয়া (৫৫) নিহত হয়েছেন। বুধবার দুপুর পৌনে ২টার দিকে ঘটনাটি ঘটে।
মুসলিম মিয়াকে গুরুতর আহত অবস্থায় পথচারী ও স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক বেলা ৩টার দিকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে নিহতের ভাগিনা মো. আল আমিন বলেন, তাদের বাড়ি ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায়।
তিনি বলেন, কয়েকদিন আগে তার মেয়ের ১৯ মাস বয়সী ছেলে পুরান ঢাকার নিবেদিতা হাসপাতালে ভর্তি ছিল।
হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে মেয়েসহ নাতিকে নিয়ে অটোরিকশায় করে বাসায় ফিরছিলেন মুসলিম মিয়া। তাঁতীবাজার মোড়ে পৌঁছালে পেছন থেকে একটি পিকআপ ভ্যান অটোরিকশাটিকে ধাক্কা দেয়।
ধাক্কায় তিনি রিকশা থেকে পড়ে গেলে পিকআপ ভ্যানটি তাকে চাপা দেয়, এতে তিনি গুরুতর আহত হন। পরে পথচারীরা তাকে দ্রুত ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
সেখান থেকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে তার মেয়ে সোনিয়া ও নাতি হাসান অক্ষত রয়েছেন।


