গুঞ্জনটা ছিল আগেরই, দলীয় সুত্রে জানা গিয়েছিল কেইন উইলিয়ামসন আসছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে। মঙ্গলবার রাজশাহী ওয়ারিয়র্স অধিনায়ক নাজমুল হোসেন শান্তও সংবাদ সম্মেলনে বলে গেছেন, বিপিএল খেলতে আসছেন নিউজিল্যান্ডের সাবেক এই অধিনায়ক। অবশেষে আনুষ্ঠানিক ঘোষণায় রাজশাহী জানাল, বুধবার সকাল ১০টার দিকে ঢাকায় পৌঁছেছেন তিনি, যোগ দিয়েছেন দলের সাথে।
রাজশাহীতে খেলা উইলিয়ামসনের জাতীয় দলের সতীর্থ জিমি নিশাম এতে বেশ বড় ভূমিকা রেখেছেন বলে জানা গেছে। দুদিন আগে সংবাদ সম্মেলনেও নিশাম জানান, উইলিয়ামসনের সাথে নিয়মিতই যোগাযোগ রেখেছেন তিনি।
সর্বশেষে এসএ-টোয়েন্টিতে ডারবান সুপার জায়ান্টসের হয়ে খেলেছেন উইলিয়ামসন। গত ১৭ জানুয়ারি তার দল বাদ পড়ার পরই মূলত নিশ্চিত হয়ে যায় তার বিপিএল যাত্রা। সবকিছু ঠিকঠাক থাকলে বুধবার দ্বিতীয় কোয়ালিফায়ারে সিলেট টাইটান্সের বিপক্ষে মাঠে নামার কথা উইলিয়ামসনের।
এলিমিনেটরে রংপুর রাইডার্সকে শেষ বলের ছক্কায় হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে উঠেছে সিলেট। এরপর প্রথম কোয়ালিফায়ারে চট্টগ্রাম রয়্যালসের কাছে হেরেছে রাজশাহী। বুধবার সন্ধ্যা ৬টায় শুরু হতে যাওয়া দ্বিতীয় কোয়ালিফায়ারে সিলেট-রাজশাহীর মধ্যকার জয়ী দল খেলবে ফাইনালে।


