বিদেশে বাংলাদেশি ছবি মুক্তি পাচ্ছে গেল কয়েক বছর ধরে। নানা সীমাবদ্ধতার মধ্যে মুক্তি পাওয়া ছবিগুলোর এর মধ্যে রেকর্ড আয় করেছিল মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’। সে রেকর্ড ভেঙে দিয়েছে তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’।
আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো ও বক্স অফিস ট্র্যাকার কমস্কোরের তথ্য অনুযায়ী, উত্তর আমেরিকায় মুক্তির পর ‘হাওয়া’র মোট আয় ছিল ৩ লাখ ৫৮ হাজার ডলার। অন্যদিকে, মুক্তির প্রথম দুই সপ্তাহেই ‘বনলতা এক্সপ্রেস’ আয় করেছে ৩ লাখ ৬১ হাজার ডলার। এটি এখন নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
স্বপ্ন স্কেয়ারক্রোর প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব জানিয়েছেন, এই সাফল্যের ধারাবাহিকতা থাকলে ‘বনলতা এক্সপ্রেস’ খুব শিগগিরই ৪ লাখ ডলারের ক্লাবে পৌঁছে যাবে। বাংলাদেশের সিনেমার জন্য এই আয় হবে আরেকটি বড় অর্জন।
পরিচালক তানিম নূর দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘এই অর্জন আন্তর্জাতিক বাজারে বাংলা সিনেমার সম্ভাবনাকে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করবে। পুরো টিমের জন্য এটি গর্বের মুহূর্ত।’
বর্তমানে উত্তর আমেরিকা ও যুক্তরাজ্যে মোট ২২টি প্রেক্ষাগৃহে তৃতীয় সপ্তাহে চলছে ‘বনলতা এক্সপ্রেস’। ছবিটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, ইন্তেখাব দিনার, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, সাবিলা নূর, শরীফুল রাজ, শ্যামল মাওলা, আরেফিন জিলানী, লাবন্য চৌধুরীসহ আরও অনেকে।
ছবিটি প্রযোজনা করেছে বুড়িগঙ্গা টকিজ, সহ-প্রযোজনায় রয়েছে হইচই প্রডাকশন। নিবেদক ইউসিবি। আন্তর্জাতিক পরিবেশনায় স্বপ্ন স্কেয়ারক্রো এবং যুক্তরাজ্যে সহযোগী পরিবেশক হিসেবে রয়েছে রেভেরলি ফিল্মস।


