বিটিভিতে ভাষণ প্রচারে আগ্রহ দেখায়নি বেশিরভাগ দল

বিটিভিতে ভাষণ প্রচারে আগ্রহ দেখায়নি বেশিরভাগ দল
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া বেশিরভাগ রাজনৈতিক দলই রাষ্ট্রীয় বাংলাদেশ টেলিভিশনে দেশবাসীর উদ্দেশে ভাষণ প্রচারে আগ্রহ দেখায়নি। নির্বাচনে অংশ নেওয়া ৫১টি দলের মধ্যে বিটিভিতে ভাষণ প্রচারের জন্য নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী বিএনপি ও জামায়াতসহ মাত্র আটটি দল। ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

নির্বাচন উপলক্ষে বিটিভিতে দলীয় প্রধানদের বক্তব্য প্রচার সম্পর্কে গত ৩ ফেব্রুয়ারি একটি নির্দেশনা জারি করে ইসি। এতে বলা হয়, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে উপযুক্ত নির্বাচনী পরিবেশ সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাষ্ট্রীয় টেলিভিশনে সকল রাজনৈতিক দলের জন্য সমানভাবে প্রচারণার সুযোগ নিশ্চিত করা নির্বাচনী পরিবেশ সৃষ্টিতে সহায়ক ভূমিকা রাখবে।

এই নির্দেশনার আলোকে রাজনৈতিক দলগুলো বিটিভিতে দলীয় প্রধানের ভাষণ প্রচারের জন্য ইসিতে আবেদন করে। ভোটের আগে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত প্রচার চলবে। ফলে, ৯ তারিখের মধ্যেই ভাষণ প্রচারের বাধ্যবাধকতা রয়েছে।

সূত্র জানিয়েছে, যেসব রাজনৈতিক দল আগে আবেদন করেছে, তাদেরকে ভাষণ সম্প্রচারের সময়সূচি নির্ধারণে অগ্রাধিকার দেওয়া হবে। সবার আগে স্লট চেয়ে আবেদন করেছে বিএনপি। সেই অনুযায়ী ইতোমধ্যে দলটিকে সময়ও দিয়েছে বিটিভি। আগামী ৯ তারিখ রাত ৯টায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশবাসীর উদ্দেশে ভাষণ দেবেন। তার ভাষণের সময়সীমা নির্ধারণ করা হয়েছে ১০ মিনিট।

আরও পড়ুন

এরপর পর্যায়ক্রমে আবেদন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াতে ইসলামী, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), বাংলাদেশ মুসলিম লীগ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ। বিটিভির সঙ্গে আলোচনা করে তাদের ভাষণ প্রচারের সময়সূচি নির্ধারণ করা হবে। সব নিবন্ধিত দলের জন্য ১০ মিনিট করে সময় রাখা হয়েছে।

জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ৬ (জনসভা, পথসভা ও সমাবেশ অনুষ্ঠান)-এর উপবিধি (গ) অনুযায়ী, লিখিত আবেদন প্রাপ্তির সময়ের ক্রমানুসারে স্লট নির্ধারণ করতে হবে। বিটিভিকে প্রতিটি রাজনৈতিক দলের দলীয় প্রধানের জন্য পৃথক স্লট বরাদ্দ এবং স্লটের মেয়াদ নির্ধারণের নির্দেশনাও দেওয়া হয়েছে। যেসব রাজনৈতিক দল বিটিভিতে প্রচারণার সুযোগ চাইবে, তাদের আবেদন প্রাপ্তির ক্রমানুসারে বক্তব্য দেওয়ার সুযোগ দিতে হবে। রেকর্ডিংয়ের তারিখ ও সময় সংশ্লিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে বিটিভি চূড়ান্ত করবে।

এ বিষয়ে ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক জানান, শনিবার ছিল আবেদনের শেষ দিন। সেদিন পর্যন্ত আটটি দলের আবেদন পাওয়া গেছে। বিটিভির সঙ্গে আলোচনা করে এসব দলের প্রধানদের ভাষণের সময়সূচি নির্ধারণ করা হবে। আবেদন গ্রহণের ক্রমানুসারই স্লট নির্ধারণে অগ্রাধিকার দিতে বিটিভিকে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad