মুক্তির আগেই বড় ধাক্কা খেল দক্ষিণ ভারতীয় সুপারস্টার থালাপতি বিজয় অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা জন নায়গণ। ছবিটির এইচডি প্রিন্ট অনলাইনে ছড়িয়ে পড়ার ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে তামিলনাড়ু পুলিশের সাইবার ক্রাইম ইউনিট।
পুলিশ জানায়, প্রায় ৩৫০ কোটি রুপি ব্যয়ে নির্মিত এই সিনেমার একটি উচ্চমানের প্রিন্ট গত ১০ এপ্রিল বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে। অভিযোগ পাওয়ার পরপরই তদন্তে নামে সাইবার ইউনিট, এবং ডিজিটাল ফরেনসিক বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে ১২ এপ্রিল তাদের আটক করা হয়।
তদন্তে উঠে এসেছে, একটি সংঘবদ্ধ চক্র ক্লাউড স্টোরেজ ও শেয়ারিং লিংকের মাধ্যমে পাইরেটেড কপি ছড়িয়ে দিচ্ছিল। অভিযুক্তদের কাছ থেকে গুরুত্বপূর্ণ ডিজিটাল আলামত জব্দ করা হয়েছে। পরে তাদের আদালতে হাজির করে বিচারিক হেফাজতে পাঠানো হয়।
ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতীয় দণ্ডবিধি, তথ্যপ্রযুক্তি আইন, কপিরাইট আইন ও সিনেমাটোগ্রাফ আইনের আওতায় মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি পাইরেসি ঠেকাতে ইতোমধ্যে ৩০০টির বেশি অবৈধ লিংক ব্লক করেছে কর্তৃপক্ষ।
পুলিশের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, পাইরেটেড কনটেন্ট ডাউনলোড, স্ট্রিম বা শেয়ার করা আইনত শাস্তিযোগ্য অপরাধ। সন্দেহজনক লিংক পেলে তা জাতীয় সাইবার ক্রাইম পোর্টালে জানানোর আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, ছবিটি পরিচালনা করেছেন এইচ বিনোথ এবং প্রযোজনা করেছে কেভিএন প্রোডাকশনস। অনেকেই এটিকে বিজয়ের সম্ভাব্য শেষ চলচ্চিত্র হিসেবে দেখছেন, কারণ এরপর তিনি তার রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাগাম নিয়ে পূর্ণকালীন রাজনীতিতে যুক্ত হওয়ার পরিকল্পনা করেছেন।
বিজয়ের পাশাপাশি ছবিতে আরও অভিনয় করেছেন ববি দেওল, পূজা হেগড়ে, প্রকাশ রাজ এবং প্রিয়ামনি।


