বান্দরবানের থানচি উপজেলার দুর্গম এলাকায় অবস্থিত তিন্দু নিম্নমাধ্যমিক বিদ্যালয়কে জাতীয়করণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার বিকালে জাতীয় সংসদ অধিবেশনে বাজেট আলোচনায় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বিদ্যালয়টি জাতীয়করণের ঘোষণা দেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ঘটনা ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, তিন্দু নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বামং খিয়াং মিংলেন তার সহকর্মীদের বেতন যোগাতে নৌকা চালান। মার্চ-এপ্রিল মাসে নৌকা চালিয়ে আয় করেছেন ৪০ হাজার টাকা। যার মধ্যে ৩০ হাজার টাকা দিয়েছেন সহকর্মীদের বেতন বাবদ। যেখানে দুর্গম পাহাড়ি অঞ্চলে একটি স্কুল টিকিয়ে রাখাই বড় চ্যালেঞ্জ, সেখানে প্রধান শিক্ষক অনেকের কাছে অনুপ্রেরণার গল্প। বিষয়টি নজরে আসার পর প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষামন্ত্রীকে স্কুলটি জাতীয়করণের জন্য যথাযথ ব্যবস্থা নিতে বলেন।
পরে রোববার বাজেট বক্তব্যের এক পর্যায়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী একটি নির্দেশ পাঠিয়েছেন, সেই থানচির তিন্দু এলাকার স্কুলটিকে যেন জাতীয়করণ করা হয়। আজকে মহান সংসদে এ স্লিপটি পাঠিয়েছেন। আমি জানাতে চাই, স্কুলটি জাতীয়করণ করা হবে শিগগিরই।’
জানা গেছে, ২০২০ সালে প্রতিষ্ঠিত তিন্দু নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে বর্তমানে ৫৬ জন শিক্ষার্থী পড়লেও অধিকাংশ পরিবার দরিদ্র হওয়ায় নিয়মিত বেতন দিতে পারে না। ফলে শিক্ষক-কর্মচারীদের বেতন চালানো কঠিন হয়ে পড়ে। এই সংকট মোকাবিলায় ছুটির দিনগুলোতে স্কুলটির প্রধান শিক্ষক নিজেই ইঞ্জিনচালিত নৌকা চালান থানচি–তিন্দু–রেমাক্রী নদীপথে। পর্যটক ও যাত্রী পরিবহন করে যা আয় হয়, তার বড় অংশই তিনি শিক্ষকদের বেতন বাবদ দিয়ে দেন।


