সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. রেজাউল হাসানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। সোমবার আইন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, বিচারপতি মো. রেজাউল হাসান রাষ্ট্রপতির কাছে লিখিত পত্রের মাধ্যমে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং রাষ্ট্রপতি তা গ্রহণ করেছেন।
এর আগে, গত ৩০ মার্চ অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারসহ বিভিন্ন অভিযোগের মুখে তিনি পদত্যাগপত্র জমা দেন।
গত বছরের ২৪ নভেম্বর বিচারপতি মো. রেজাউল হাসানের বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগ করা হয়। সেখানে দুর্নীতি, অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনের শাহ গ্রুপের চেয়ারম্যান কে এম মজিবুল হক।
আবেদনে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে বিষয়টি তদন্তের অনুরোধ করার পাশাপাশি অভিযোগ প্রমাণিত হলে সংবিধানের আওতায় এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের সুপারিশ চাওয়া হয়। বাংলাদেশের উচ্চ আদালতের বিচারকদের অপসারণের ক্ষমতা সংক্রান্ত পরিষদ সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে তার বিরুদ্ধে নানা অভিযোগে তদন্ত চলছিল।


