ভারতের সীমান্তরক্ষা বাহিনী (বিএসএফ) কর্তৃক দেশের দুই সাধারণ নাগরিককে গুলি করে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বৃহস্পতিবার সংগঠনটির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিন্দা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশি নাগরিকদের ওপর এ ধরনের অপরাধ আন্তর্জাতিক আইন, মানবাধিকার নীতি এবং কূটনৈতিক সম্পর্কের পরিপন্থী ও অগ্রহণযোগ্য।
এনসিপি দাবি করেছে, এ ঘটনায় এবং অতীতের সকল সীমান্ত হত্যাকাণ্ডের স্বচ্ছ, সুষ্ঠু ও স্বাধীন তদন্ত জরুরি।
এনসিপি বলছে, বাংলাদেশ সরকারের উচিত নিহত পরিবারকে আইনি ও সর্বাত্মক সহায়তা করা এবং ভারত সরকারের কাছে যথাযথ ক্ষতিপূরণ দাবি করা।
এ ছাড়া, বিএসএফের সীমান্তে দীর্ঘদিন ধরে চলমান অপরাধমূলক আচরণ বন্ধে ভারত সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।
এনসিপি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর দৃষ্টি আকর্ষণ করে বলেন, এ ধরনের অন্যায় ও অমানবিক কর্মকাণ্ড যাতে আর কেউ করতে না পারে তা নিশ্চিত করতে আন্তর্জাতিক পর্যায়ে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
এনসিপি সীমান্ত হত্যাকাণ্ডসহ অতীতের সব ঘটনার ন্যায়বিচার নিশ্চিত হলে ভবিষ্যতে এ ধরনের ঘটনায় পুনরাবৃত্তি রোধ সম্ভব হবে বলে মনে করছে। তারা সরকারের প্রতি আহ্বান জানিয়েছে, দ্রুত সকল সীমান্ত হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্ত করে আন্তর্জাতিক মহলের সামনে উপস্থাপন করা হোক।


