কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে এক পর্যটকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকালে সুগন্ধা সৈকতে এ ঘটনা ঘটে।
নিহত পর্যটকের নাম মেহেদী হাসান আবির (২৫)। তিনি বান্দরবান জেলার আজিজনগর এলাকার বাসিন্দা। চট্টগ্রাম নগরীর রিয়াজুদ্দিন বাজারে একটি সিসিটিভি ক্যামেরার দোকানে কাজ করতেন তিনি।
স্থানীয় সূত্র জানিয়েছে, আবির তার তিন বন্ধু আরিফুল ইসলাম, তানজিন ও মারুফুল হাসান রিপনকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার সকালে কক্সবাজারে বেড়াতে আসেন। দুপুর ২টার দিকে তারা সুগন্ধা সৈকতে গোসলে নামেন। একপর্যায়ে আবির সাগরের ঢেউয়ের মধ্যে নিখোঁজ হয়ে যান। পরে প্রায় তিন ঘণ্টা পর বিকাল ৫টার দিকে তার মরদেহ সৈকতে ভেসে ওঠে। এ সময় সি সেইফ লাইফগার্ডের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কক্সবাজার সি সেফ লাইফ গার্ডের টিম লিডার ইমতিয়াজ আহমেদ সাংবাদিকদের বলেন, সৈকতে গোসলের সময় নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হলেও অনেকে তা মানতে চান না। এতে দুর্ঘটনা ঘটে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন বলেন, নিহতের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হবে।


