বিএনপি সরকার মানুষের মৌলিক সেবা নিশ্চিত করতে চায় বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেছেন, ‘বিএনপি সরকার মানুষের মৌলিক সেবা নিশ্চিত করতে চায়। নদী-খাল খননের পাশাপাশি স্বাস্থ্যসেবাকে অগ্রাধিকার দেওয়া হবে।’
শুক্রবার দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘একটা বিষয় স্বীকার করতে দ্বিধা করছি না, চিকিৎসা সেবা বিগত বছরে বা বিগত সরকারের আমলে আমাদের অনেক বেশি পিছিয়ে দিয়েছে।’
তিনি জানান, সকাল ১০টার পর তিনি নিজে হাসপাতালে উপস্থিত হয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা, ড্রেনেজ ব্যবস্থা, ভবনের অবকাঠামোসহ প্রতিটি ওয়ার্ড ঘুরে দেখেন। এ সময় হাসপাতালের বাস্তব চিত্র দেখে তিনি উদ্বেগ প্রকাশ করেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি বর্তমানে ৫০ শয্যাবিশিষ্ট হলেও প্রতিদিন রোগীর চাপ অনেক বেশি। শুক্রবারও এখানে ভর্তি ছিলেন ৬৩ জন রোগী। ফলে অতিরিক্ত ১৩ জনকে মেঝেতে থাকতে হচ্ছে। শনিবার থেকে রোগীর সংখ্যা আরও বাড়ে এবং অনেক সময় তা ৭০ থেকে ৯০ জন পর্যন্ত পৌঁছে যায়। এ অবস্থায় হাসপাতালকে দ্রুত ১০০ শয্যায় উন্নীত করা অত্যন্ত জরুরি।’
পরিদর্শনকালে তিনি হাসপাতালের ড্রেনেজ ও পরিচ্ছন্নতা ব্যবস্থার দুরবস্থার কথাও উল্লেখ করেন। হাসপাতালের ময়লা ও ব্যবহৃত চিকিৎসা সামগ্রী আরও সুশৃঙ্খলভাবে সংরক্ষণ ও ব্যবস্থাপনার প্রয়োজন রয়েছে। এ ছাড়া, পর্যাপ্ত চিকিৎসক ও জরুরি চিকিৎসা যন্ত্রপাতির ঘাটতির বিষয়েও তিনি সতর্ক করেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘দ্রুত সময়ের মধ্যে অন্তত কয়েকজন কনসালট্যান্ট ও মেডিকেল অফিসার নিয়োগ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। প্রয়োজনীয় মেডিকেল যন্ত্রপাতি দ্রুত সরবরাহের ব্যবস্থা করা হবে। এ বিষয়ে ঢাকায় গিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের চেষ্টা করা হবে।’
তিনি আরও জানান, নাগরিকদের স্বাস্থ্যসেবা সহজ করতে একটি বিশেষ কার্ড চালুর পরিকল্পনা রয়েছে, যার মাধ্যমে একজন মানুষ দেশের যেকোনো জায়গায় প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিতে পারবে। এ ছাড়া, হাসপাতালের পরিচ্ছন্ন কর্মীর সংকটসহ ছোট ছোট সমস্যাগুলোও দ্রুত সমাধান করা জরুরি।


