ঈদের পর চট্টগ্রাম নগরীর কাঁচাবাজারে স্বস্তির চিত্র দেখা গেছে। গত সপ্তাহের তুলনায় বেশিরভাগ সবজি ও সালাদজাত পণ্যের কেজি প্রতি দাম ৫ থেকে ১০ টাকা কমেছে। ব্রয়লার মুরগির কেজি প্রতি দামও উল্লেখযোগ্যভাবে কমেছে। ডিমের বাজার স্থিতিশীল রয়েছে।
শুক্রবার নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, সরবরাহ বেড়ে যাওয়ায় এবং চাহিদা স্বাভাবিক থাকায় সবজির দাম নিম্নমুখী। টমেটো কেজিপ্রতি ৬০ টাকা, শসা ৬০, কাঁচামরিচ ৫০, ধনেপাতা ৬০ টাকাতে বিক্রি হচ্ছে। ফুলকপি কেজিপ্রতি ৪৫ থেকে ৫০ টাকা, বাঁধাকপি ৩০, ঢেঁড়শ ১২০, বরবটি ১০০, গাজর ৪০, লাউ ৪০, মিষ্টি কুমড়া ৪০ থেকে ৫০ এবং মুলা ৩০ টাকাতে পাওয়া যাচ্ছে।
ব্রয়লার মুরগির কেজিপ্রতি দাম রমজান মাসের ২৪০ থেকে কমে ১৭০ টাকা হয়েছে। দেশি পেঁয়াজের দাম কমে ৫০ থেকে ৬০ টাকা এবং আলুর কেজি প্রতি দাম ১৬ থেকে ১৮ টাকা। ডিমের দাম ডজনপ্রতি ১০৫ টাকায় স্থিতিশীল রয়েছে।
সামুদ্রিক মাছের বাজারে দাম বেশি রয়েছে। লইট্যা মাছ কেজিপ্রতি ২০০ টাকা, কোরাল ৭০০ থেকে ৯০০, আইড় ৬০০ থেকে ৭৫০, চিংড়ি ৭৫০ থেকে ১ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে।
দেশি মাছের মধ্যে রুই ও কাতলা ৩৫০ থেকে ৪৫০ টাকা, পাবদা ৪০০ থেকে ৬০০, শিং ৪০০ থেকে ৫০০, টেংরা ৬০০ থেকে ৭০০ এবং পুঁটি ২০০ থেকে ২৫০ পাওয়া যাচ্ছে।
সবজি, ডিম ও ব্রয়লার মুরগির দামে স্বস্তি ফিরলেও মাছের বাজারে উল্লেখযোগ্য পরিবর্তন আসেনি বলে ক্রেতারা জানিয়েছে।


