বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নামে ফেসবুকে কিছু ভুয়া পেজ ও গ্রুপ খোলা হয়েছে। এ বিষয়ে সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
শুক্রবার সংসদ সচিবালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ‘Barrister Kayser Kamal Fan’s’ নামে একটি ফেসবুক গ্রুপ (https://www.facebook.com/groups/1867170763594569) এবং কিছু অনুরূপ পেজে বিভ্রান্তিকর পোস্ট প্রকাশ করা হচ্ছে। এসব পেজ বা গ্রুপের সঙ্গে ডেপুটি স্পিকারের কোনো সম্পর্ক নেই। তিনি এসব কার্যক্রম সম্পর্কে অবগত নন এবং এগুলোর কোনো দায়ভার তিনি নেবেন না। তিনি শুধুমাত্র নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ ব্যবহার করেন। তার নামে পরিচালিত অন্য কোনো ফেসবুক পেজ বা গ্রুপ প্রতারণামূলক এবং উদ্দেশ্যপ্রণোদিত।
আরও বলা হয়, এসব ভুয়া পেজ বা গ্রুপের পোস্টে বিভ্রান্ত না হওয়া, এগুলোতে যুক্ত না হওয়া এবং কোনো তথ্য শেয়ার না করার জন্য অনুরোধ করা হচ্ছে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি এই ধরনের অপপ্রচারে লিপ্ত থাকেন, তারা আইনগতভাবে দায়ী হবেন। সরকারের পক্ষ থেকে এই প্রতারণামূলক কার্যক্রমের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।


