বিএনপি বা ফ্যাসিবাদবিরোধী অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচনি জোটের বিষয় এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বলেছেন। তিনি বলেন, ‘নির্বাচনের তফসিল ঘোষণার পরে আমরা বিএনপিসহ অন্য দলের সঙ্গে এ বিষয়ে আলাপ আলোচনা করব।’
ঝিনাইদহ সদর উপজেলার গোয়ালপাড়া বাজারে সোমবার সন্ধ্যায় গণসংযোগ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন রাশেদ খাঁন।
তিনি বলেন, ‘বিএনপির ৩১ দফা কর্মসূচির সঙ্গে গণঅধিকার পরিষদসহ ফ্যাসিবাদ বিরোধী দলগুলো একমত হয়েছে। ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে আমরা বিএনপির সঙ্গে এক হয়ে লড়াই করেছি। কাজেই, নির্বাচনে জোট গঠনের বিষয়ে গণঅধিকার পরিষদ ও বিএনপির মধ্যে আগেও আলাপ-আলোচনা হয়েছে।’
‘আমরা ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছি। প্রচার চালিয়ে যাচ্ছি, মাঠ পর্যায়ে নানা ভাবে জরিপ করার চেষ্টা করছি যে, গণঅধিকার পরিষদের জনপ্রিয়তা কেমন। আমরা ভোটের মাঠের বাস্তব চিত্র পর্যবেক্ষণ করার চেষ্টা করছি’, যোগ করেন রাশেদ।
বিএনরি সঙ্গে নির্বাচনি জোট হলে করণীয় বিষয়ে এই গণ অধিকার পরিষদ নেতা বলেন, ‘বিএনপির সঙ্গে যদি আমাদের জোট হয়, তাহলে জোটের প্রার্থীদের বিষয়ে বিএনপি তাদের মতো সিদ্ধান্ত নেবে। বিএনপির কর্মী ও ভোটাররা কিভাবে জোটপ্রার্থীকে সহায়তা করবে, সেটা বিএনপিই পর্যবেক্ষণ করবে। তারেক রহমান কাউকে জোট প্রার্থী ঘোষণার পরে বিএনপির কোনো নেতাকর্মী সেটার বিরোধিতা করবে বলে আমার বিশ্বাস হয় না। কারণ, আমার নিজ এলাকার বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গেও আমার হৃদ্যতাপূর্ণ সম্পর্ক।’


