যুক্তরাষ্ট্র থেকে আরেক দফায় ফেরত পাঠানো হয়েছে ৩১ বাংলাদেশিকে। যাদের হাতে ছিল হাতকড়া ও পায়ে শেকল।
সোমবার সন্ধ্যা ৭টায় একটি বিশেষ সামরিক ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের পৌঁছে দেয় যুক্তরাষ্ট্র।
ফেরত আসা বাংলাদেশিদের বাড়ি কুমিল্লা, নোয়াখালী, ফেনী, সিলেট ও শরিয়তপুর জেলায়।
এই ৩১ জনসহ ২০২৫ সালে দফায় দফায় ২৫৭ জন বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ট্রাম্প সরকার। বেশিরভাগ সময়ই তাদের হাতকড়া ও শেকল পরানো ছিল।
বিমানবন্দরে এই বাংলাদেশিকে আনুষঙ্গিক সহায়তা দেয় বেসরকারি সংস্থা ব্র্যাক।
ফেরত আসা বাংলাদেশিদের বরাত দিয়ে ব্র্যাক কর্মকর্তারা জানিয়েছেন, এদের সবাইকেই প্রায় ৬০ ঘণ্টা হাতকড়া ও শরীরে শেকল পরিয়ে রাখা হয়েছিল। এ অবস্থাতেই তাদের উড়োজাহাজে ওঠানো হয়। পরে ঢাকার বিমানবন্দরে পৌঁছানোর পর শেকলমুক্ত করা হয়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় ক্ষমতা গ্রহণের পর থেকেই দেশটিতে শুরু হয়েছে অবৈধ অভিবাসী নির্মূলের নানা অভিযান। কেবল বাংলাদেশিদেরই নয়, ফেরত পাঠানো হচ্ছে বিভিন্ন দেশের মানুষকে।


