জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারে (জেআইসি) গুমের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও সেনা কর্মকর্তাসহ ১৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে ১৪ ডিসেম্বর আদেশ দেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
মঙ্গলবার অভিযোগ গঠনের শুনানি শেষে এই তারিখ নির্ধারণ করে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
মামলায় আসামিদের বিরুদ্ধে ২০১৫ সালের ২২ অক্টোবর থেকে গত বছরের ৬ আগস্ট পর্যন্ত সময়ে গুম করার অভিযোগ আনা হয়েছে। তাদের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ রয়েছে।
এর আগে রোববার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের পক্ষে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা যুক্তি উপস্থাপন করেন। মঙ্গলবার এ মামলায় অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে গ্রেপ্তার তিন সেনা কর্মকর্তার পক্ষে আইনজীবীরা যুক্তি উপস্থাপন করেন।
জেআইসিতে গুমের ঘটনায় আসামিরা হলেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকী, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. আকবর হোসেন, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মো. সাইফুল আবেদিন, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. সাইফুল আলম, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আহমেদ তাবরেজ শামস চৌধুরী, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল হামিদুল হক, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মখছুরুল হক, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ তৌহিদুল উল ইসলাম, মেজর জেনারেল কবীর আহাম্মদ, মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজহার সিদ্দিকী।
এদের মধ্যে শেষের তিনজন গ্রেপ্তার হয়ে ঢাকা সেনানিবাসে স্থাপিত বিশেষ কারাগারে রয়েছেন। শেখ হাসিনার শাসনামলে গুম, খুনের মামলায় গত ২২ অক্টোবর এই তিনজনসহ দুই মামলায় ১৩ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরে তাদের ঢাকা ক্যান্টমেন্টে সরকার ঘোষিত বিশেষ কারাগারে রাখা হয়।


