অন্তবর্তী সরকার বিএনপির সঙ্গে গোপন সমঝোতা করতে যাচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
রোববার এক বিবৃতিতে তিনি বলেন, ‘গোপন সমঝোতা করে সরকার আরপিওর সর্বশেষ সংশোধনী বাতিল করে কোনো নিবন্ধিত দলের প্রার্থী জোটভুক্ত অন্য দলের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন বলে আদেশ জারি করতে পারে।’
এরআগে নির্বাচনী জোট হলে জোটভুক্ত নিবন্ধিত রাজনৈতিক দলকে নিজ দলের প্রতীক নিয়ে নির্বাচন করার বিধান রেখে নির্বাচনী আইনের (আরপিও) সংশোধনের খসড়া অনুমোদন করে উপদেষ্টা পরিষদ। বিএনপির নেতারা নির্বাচন কমিশনের সাথে দেখা এই সংশোধনীর বিষয়ে আপত্তি জানিয়ে এসেছেন।
সংবাদমাধ্যমে পাঠানো বিবৃতিতে জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করে বলেন, ‘একজন উপদেষ্টা নির্বাচনী আইনের এই সংশোধনী বাদ দিতে বিএনপির একজন নেতার সঙ্গে “জেন্টেলম্যান এগ্রিমেন্ট” করেছেন বলে শোনা যাচ্ছে। এই কথিত এগ্রিমেন্ট’-এর নামে উপদেষ্টা পরিষদের সভায় যদি আরপিওর সংশোধনী বাতিল করা হয়, তবে তা হবে অত্যন্ত ন্যক্কারজনক, অগণতান্ত্রিক ও স্পষ্টতই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।’
এতে আসন্ন নির্বাচনের নিরপেক্ষতা ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা নিয়ে বড় প্রশ্নের জন্ম দেবে বলেও মত দেন তিনি।


