গাইবান্ধার গোবিন্দগঞ্জে গরু চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী।
উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের নাসিরাবাদ গ্রামে শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, শনিবার রাত ৩টার দিকে নিহতরা নাসিরাবাদ গ্রামের এক ব্যক্তির গোয়াল ঘর থেকে তিনটি গরু চুরি করে নিয়ে যাওয়ার সময়, বিষয়টি টের পেয়ে এলাকাবাসী তাদের ধাওয়া করে।
তারা নিজেদের বাঁচাতে ওই সময় রাস্তার পাশের এক পুকুরে লাফ দেন। পরে পুকুর থেকে তুলে গণপিটুনি দেওয়াতে ঘটনাস্থলেই দু’জন মারা যান।
ওসি বলেন, ‘খবর পেয়ে ভোর সাড়ে ৪টা নাগাদ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দু’জনের লাশ উদ্ধার করে। এ সময় গুরুতর আহত একজনকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে, সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়।’
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ। পরিচয় জানার পরই ময়নাতদন্তের জন্য তাদের গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ বিষয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন ওসি।


