ঢাকা থেকে চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে অনবোর্ড সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এস এ করপোরেশনের দুই স্টুয়ার্টকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে।
একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে প্রাথমিকভাবে ৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে এবং আগামী ২৪ মার্চের মধ্যে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সম্প্রতি একটি অনলাইন পোর্টালে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত একটি চক্রের দুই সদস্য। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে বিষয়টি নজরে আসে কর্তৃপক্ষের। প্রাথমিক অনুসন্ধানে ভিডিওটির সত্যতা নিশ্চিত হয় এবং টিকিট কালোবাজারির সঙ্গে সংশ্লিষ্ট অনবোর্ড সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মচারী স্টুয়ার্ট মিনহাজুল ও ইমরানের সম্পৃক্ততা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট দুই স্টুয়ার্টকে চাকরি থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া, অনবোর্ড সেবা প্রদানকারী প্রতিষ্ঠানকে জরিমানা আরোপের পাশাপাশি ২৪ মার্চের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা প্রদান করতে ব্যর্থ হলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


